হিন্দু ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী। হিন্দু ধর্মাবলম্বীদের শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে বৃহস্পতিবার সরস্বতীপূজা অনুষ্ঠিত হবে। এই পূজা উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় বাঁশ, খড় ও কাদামাটি দিয়ে সরস্বতী প্রতিমা তৈরি ও বিক্রির হাট বসছে। এই প্রতিমা বেচা-বিক্রি চলবে পূজা শুরুর পূর্ব পর্যন্ত। উপজেলার পাকেরহাটসহ কয়েকটি কুমারপাড়ায় চলছে এ প্রতিমা তৈরি ও বিক্রি।
মঙ্গলবার বিকালে উপজেলার পাকেরহাটের গ্রোয়ার্স মার্কেটে দেখা যায়, ধর্ম দেব আর্টে অস্থায়ী প্রতিমার হাটে শেষ মূর্হুতে রঙ ও প্রতিমা তৈরি করছেন কারিগররা। প্রতিটি প্রতিমা আকারভেদে ৬০০-২ হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
প্রতিমা তৈরির কারিগর ধর্ম দেব রায় বলেন, ‘প্রতিমা তৈরি উপকরণ বাঁশ, কাঠ, ছন ও রঙের মূল্য বৃদ্ধি পাওয়ায় প্রতিমার মূল্যও বেশি। এতে প্রতিমা বিক্রির পরিমাণ কিন্তু হ্রাস পায়নি। এই পূজা উপলক্ষে প্রতিমা তৈরি ও বিক্রি করে বাড়তি আয় হয়।
প্রতিমা ক্রয় করতে আসা অনন্ত কুমার রায় বলেন, ‘এবার বাড়িতে সরস্বতীপূজা উদযাপন করব। তাই হাটে এসেছি পছন্দানুযায়ী প্রতিমা ক্রয় করতে। তবে গতবারের তুলনায় দাম একটু বেশি। তবু বিদ্যার দেবীর পূজা-অর্চনা করতে আয়োজনের কমতি নেই আমাদের।’ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাস বলেন, ‘এই পূজা মূলত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে পালন করা হয়। তবু পূজা ও পূজারিদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকতে ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছি।
খানসাসা থানার পরিদর্শক (তদন্ত) তাওহীদ ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতীপূজা পালনে পূজারিদের নির্দেশনা দেয়া হয়েছে, পূজা সম্পন্ন করেই যেন প্রতিমা বিসর্জন করেন তাঁরা।
অপরদিকে, চিরিরবন্দর উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দরের নশরতপুর গ্রামের পালপাড়ার কুমাররাও সরস্বতী প্রতিমা তৈরি ও বিক্রি করছেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















