হাজারো কৃষকের স্বপ্ন পূরণের লক্ষ্যে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বেলান নদী খনন কাজের উদ্বোধন করা হয়েছে। এ খনন কাজের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
বৃহস্পতিবার দুপুরে খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়াবাজার বেলান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অধীনে জাইকা ও এলজিইডির অর্থায়নে বেলান নদী উপ-প্রকল্পের আওতায় চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামে চেইনেজ ০+০০০ কিলোমিটার থেকে ৮+৮০০ কিলোমিটার নদীর খনন কাজ উদ্বোধন করা হয়।
চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে খানসামা উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার খালিদ আহসান, চিরিরবন্দর থানার ওসি মো. বজলুর রশিদ, খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায়, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, উপজেলা প্রকৌশলী ওবায়দুর রহমান, কাচিনীয়াবাজার বেলান খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলজিইডি অফিস সূত্রে জানা যায়, ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) যৌথ অর্থায়নে ও এলজিইডি’র বাস্তবায়নে বেলান নদী, মরা খাল ও শাখা খাল মিলে মোট ১১ কিলোমিটার নদী ৬ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে খনন কাজ সম্পন্ন করা হবে। এ নদী খননের ফলে কৃষি, মৎস্যচাষ, হাঁস পালন, আর্থ-সামাজিক উন্নয়ন ও ফসল উৎপাদনে সুবিধা পাবেন চাষিরা।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















