দিনাজপুরের চিরিরবন্দরে আদালত কতৃক বীরমুক্তিযোদ্ধা বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক মরহুম মমতাজ মোল্লার বাড়ি ভাংচুরের প্রতিবাদে বীরমুক্তিযোদ্ধাদের ঘন্টাব্যাপি এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কের আমবাড়ীবাজারে বীরমুক্তিযোদ্ধারা ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে।
জানা গেছে, বীরমুক্তিযোদ্ধা মরহুম মমতাজ মোল্লার প্রতিপক্ষ বাবুল হোসেন আদালতে ভুল তথ্য প্রদান করে জমি সংক্রান্ত মামলার রায় নিজের পক্ষে নিয়ে উচ্ছেদ মামলা দায়ের করে। আদালত গত ১২ জানুয়ারি বীরমুক্তিযোদ্ধার বাড়ি ভেঙ্গে দিয়ে রায় কার্যকর করে। মানববন্ধনে বক্তারা আদালতের কাছে কাগজপত্র পুনঃযাচাই করে ন্যায় বিচারের দাবি জানান। মানববন্ধনে বীরমুক্তিযোদ্ধা মরহুম মমতাজ মোল্লার পুত্র মো. সংগ্রাম মোল্লা, বীরমুক্তিযোদ্ধা মো. মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ রায়, বীরমুক্তিযোদ্ধা মো. তাজিমুদ্দীন, বীরমুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা জ্ঞানেন্দ্র নাথ রায়, বীরমুক্তিযোদ্ধা হীরালাল রায়, বীরমুক্তিযোদ্ধা আহম্মেদ নাসিরউদ্দীন, বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা মো. আলতাব হোসেন, বীরমুক্তিযোদ্ধা মো. শামসুদ্দীন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে চিরিরবন্দর উপজেলার শতাধিক বীরমুক্তিযোদ্ধা ও ভূক্তভোগী মরহুম মমতাজ মোল্লার স্ত্রী, পুত্র-কন্যাসহ এলাকাবাসী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















