গাইবান্ধা সদরে জমি সংক্রান্ত বিরোধে জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার মোস্তফা কামালের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার পকেটে থাকা ১৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে।
গতকাল মঙ্গলবার (৪ জুলাই) দুপুরের দিকে সদর উপজেলার উত্তর গিদারি খলিসা পটল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার শিকার মোস্তাফা কামাল ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবেশী রফিকুল ইসলামের ছেলে লেচু মিয়া গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে গত মঙ্গলবার মোস্তফা কামাল বাসা থেকে বের হয়ে শহরে যাবার উদ্দেশ্যে রওনা দিলে প্রতিপক্ষ লেচু, বিপুল, শরিফুল, সাজেদা, রফিকুল লোহার রড, লাঠি, ধারালো অস্ত্রসহ হত্যার উদ্দেশ্য হামলা চালায় এবং পকেটে থাকা ১৫ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। মোস্তফা কামাল চিৎকার দিলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করায়।
পরে আসামিদের বিচারের দাবিতে মোস্তফা কামালের পিতা আব্দুস সামাদ বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















