দিনাজপুরের চিরিরবন্দরে নিখোঁজ হওয়ার দুইদিন পর একটি বাঁশঝাড় থেকে ফিলিমন সরেন (৫৬) নামে একজন আদিবাসী ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার পুনট্টি ইউনিয়নের গমিরাহাট এলাকায় বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফিলিমন সরেন গমিরাহাট এলাকার মৃত সুবল সরেনের ছেলে এবং গমিরাহাট তফসিলি উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী।
ফিলিমন সরেনের ছেলে আমিন সরেন জানান, আমার বাবা গত দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। আমরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজি করেও তাকে পাইনি। শুক্রবার দুপুরে স্থানীয় জনৈক ব্যক্তি বাঁশঝাড়ের নিকটবর্তী জমিতে গরু চড়াতে গিয়ে একটি মরদেহ দেখতে পান। পরে মরদেহের কথা জানতে পেরে আমি ঘটনাস্থলে ছুঁটে এসে দেখি মরদেহটি আমার পিতার।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ জানান, স্থানীয় জনৈক এক ব্যক্তি বাঁশঝাড়ের নিকটবর্তী জমিতে গরু চড়াতে এসে একটি মরদেহ দেখতে পান। স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার এবং সুরতাহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে থানা পুলিশ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















