গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলায় ছিনতাই হওয়া ইজিবাইকের বডি উদ্ধার করেছে পুলিশ। এসময় সংঘবদ্ধ চক্রটির ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৭ জুলাই) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার রাখাল বুরুজ দর্গাপাড়া গ্রামের খোকা মিয়ার ছেলে আতোয়ার রহমান বাবু (৩৫), মকবুল হোসেনের ছেলে লিটন মিয়া (৪০), মৃত হায়দার আলীর ছেলে আপেল মিয়া (৩২) ও পানিয়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে আবু হোসেন (৪২)।
পুলিশ জানায়, গত ২৬ জুন দিবাগত রাত ৯ টার দিকে যাত্রী সেজে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের নিমাই চন্দ্র দাসের ছেলে ইজিবাইকের চালক লিটু চন্দ্র দাসের ইজিবাইকটি বালুয়া বাজার থেকে নাকাইহাট যাওয়ার জন্য ২ ব্যক্তি ভাড়া করে। এরপর রাত আনুমানিক পৌনে ১০ টার দিকে নাকাইহাটের দুর্গাপুর নামক স্থানে পৌঁছালে সেখান থেকে অজ্ঞাতনামা আরও ২ ব্যক্তি ইজিবাইকে ওঠে। এরপর ইজিচালক লিটুকে আরও সামনে যেতে বলে। লিটু সামনে যেতে অসম্মতি জানায়। এতে ইজিবাইকে যাত্রীবেশী ছিনতাইকারীরা তার ওপর আক্রমণ করে তাকে মারপিট করে ধাক্কা দিয়ে ইজিবাইক থেকে ফেলে দিয়ে বাইকটি ছিনতাই করে নিয়ে যায়।
এরই একপর্যায়ে গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) চালক লিটু উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুর সিংগা বাজারের একটি ওয়ার্কসপে বাইকটির বডির সন্ধান পান। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাতক্ষণিক অভিযান চালিয়ে ইজিবাইকের বডিটি উদ্ধার ও গভীর রাত পর্যন্ত বিভিন্ন ন্থান থেকে অভিযান চালিয়ে ওইসব ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, এ ব্যাপারে ইজিচালক লিটু চন্দ্র দাস বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করে। ধৃতদের আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















