গাইবান্ধার সাদুল্লাপুর ও গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে পৌনে ৩ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় মোখলেছার রহমান (৫৫) ও বেলী বেগম (৪০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
সোমবার (১০ জুলাই) জেলার সাদুল্লাপুর ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ নিজ নিজ এলাকাস্থ মহাসড়কে এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত মোখলেছার রহমান রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব ফলেয়া (বটতলা) গ্রামের আজিজার রহমানের ছেলে ও বেলী বেগম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ (গামরা) গ্রামের মৃত আব্দুল জোব্বার আকন্দের মেয়ে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, আজ দুপুর পৌনে ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের ইদিলপুর ইউনিয়নের একবারপুর এলাকার সজিব ইটভাটার পূর্ব পাশে অভিযান পরিচালনা করা হয়। এসময় রিজভী ট্রাভেলস নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সিটে থাকা মোখলেছার রহমানের কাছ থেকে ১ কেজি ৭০০ গ্রাম কাঁচা গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
এদিকে, গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ জুলাই) সকালের দিকে গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেলা-অবেলা নামের পরিবহন তল্লাশি করাকালে বাসের সিটে বসা যাত্রী বেলী বেগমের দেহ নারী পুলিশ আম্বিয়া খাতুনের দ্বারা তল্লাশী করা হয়। এতে বেলীর পরিহিত বোরকার ভেতর বডিতে বিশেষ কায়দায় প্লাষ্টিকের রশি দ্বারা বাঁধানো ৩ টি সাদা পলিথিনের পোটলায় ২ কেজি গাঁজা জব্দসহ বেলী বেগমকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ধৃত বেলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বিকেলে আসামি বেলি বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















