দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ি বিল থেকে দুবলিয়া গ্রাম পর্যন্ত প্রায় ৬-৭ কিলোমিটার এলাকা
দীর্ঘ ১০ বছর ধরে জলাবদ্ধতার কারণে প্রায় ২ হাজার একর জমি অনাবাদী হয়ে পতিত রয়েছে।
এ সমস্যা সমাধান ও অনাবাদী জমিকে আবাদী জমিতে পরিণত করতে ইউনিয়ন পরিষদের উদ্যোগে কৃষকদের এক মতবিনিময় ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ২১ জুলাই শুক্রবার বিকালে সোনা মন্ডব সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইউপি চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন লিটন সভাপতিত্ব করেন।
সমাবেশে অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক শম্ভুনাথ বলেন, সরকার যখন প্রতি ইঞ্চি জমি চাষাবাদের কথা বলছে তখনও জলাবদ্ধতার কারণে শ’ শ’ একর জমি অনাবাদী ও পতিত হয়ে পড়ে রয়েছে। এই অবস্থার নিরসন ও অনাবাদী জমিকে আবাদী জমিতে পরিণত করার জন্য ইউনিয়ন পরিষদ উদ্যোগ গ্রহণ করেছে তা নিসন্দেহে এক মহতি উদ্যোগ। আমি এই মহতি উদ্যোগকে সাধুবাদ জ্ঞাপন করি। কৃষক রঙ্গত চন্দ্র রায় বলেন, এই দোলায় আমার এক বিঘা জমি রয়েছে। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে তা পতিত হয়ে রয়েছে। এতে কোন চাষাবাদ হচ্ছে না। ফলে অনেক কষ্ট করে সংসার চালাতে হচ্ছে।
ইউপি সদস্য নুর ইসলাম (বগি) ও বিমল রায় বলেন, এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানোর পরেও কোন অগ্রগতি হয়নি। ইউনিয়ন পরিষদ এই উদ্যোগ গ্রহণ করায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি ও মুখে হাসি দেখা দিয়েছে। সমাবেশে গোয়ালডিহি ইউনিয়নের নলবাড়ি বিল থেকে সোনার মন্ডব ভায়া জোতরঘু পর্যন্ত ক্যানেল সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়।
ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, জনগণের ভোগান্তি লাঘবে দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু উর্দ্ধতন কর্তৃপক্ষের কোন সাড়া না পাওয়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে ক্যানেল সংস্কারের কার্যক্রম শুরু করা হলো। এ কাজ সফল করতে ক্যানেলের পার্শ্ববর্তী জমির মালিক ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করছি।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















