জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গ্রামের ৩ নং ওয়ার্ডে ঘটেছে।
জানা গেছে, উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গ্রামের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধ মুজিবুর রহমান (৭০) কে মৃত দেখিয়ে তার বয়স্ক ভাতার কার্ড বাতিল করা হয়েছে। বৃদ্ধ মুজিবুর রহমান জানান, আমি গত ৪ মাস ধরে বয়স্ক ভাতার টাকা পাচ্ছি না। আমি বয়স্ক ভাতার কার্ড পাওয়ার পর থেকে প্রতিমাসে দেড় হাজার টাকা করে পেয়ে আসছিলাম। কিন্তু গত তারিখে আমার বয়স্ক ভাতার টাকার কোন ম্যাসেজ আসেনি। আমার বয়স্ক ভাতার টাকার ম্যাসেজ না আসায় আমি এ ব্যাপারে খোঁজখবর নিতে উপজেলা সমাজসেবা অফিসে এসে যোগাযোগ করি। সেখানে জানতে পারি, আমাকে মৃত ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে। তিনি আরো বলেন, আমি জীবিত থাকার পরেও ইউপি সদস্য হুমায়ুন আমাকে কীভাবে মৃত ব্যক্তি হিসেবে দেখালেন? এ বিষয়টি আমি নিজেও অবগত নই। আমি একজন অতি সাধারণ অসহায় মানুষ। আমি প্রায়শই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে থাকি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
ভেড়ভেড়ী ইউপি সদস্য হুমায়ুন বলেন, একই এলাকায় একই নাম হওয়ার কারণে ভুলবশতঃ এমনটি হয়েছে। আশা করি আগামীতে তিনি বয়স্ক ভাতার টাকা পেয়ে যাবেন।
ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বাবুল বলেন, একজন জীবিত মানুষকে মৃত দেখিয়ে তার বয়স্ক ভাতার কার্ড বাতিলের বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না। কেউ যদি এ ধরণের অভিযোগ করেন তাহলে উপজেলা সমাজসেবা অফিস বিষয়টি জানেন।
উপজেলা সমাজসেবা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, মুজিবুর রহমানের বয়স্ক ভাতার কার্ড বাতিল হওয়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। তাঁর কার্ডটি পুনরায় চালু করতে প্রয়োজনীয় সকল কাগজপত্র অধিদপ্তরে পাঠানো হয়েছে। আমি শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, তিনি আগামীতে যে ভাতার টাকা পাবেন তা পূর্বের ভাতার টাকাসহ
এক সাথে পাবেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















