গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত টিআর বাঁধ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সংস্কার কাজের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও প্রকল্প সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম মেরী।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য ও প্রকল্প সদস্য সচিব আব্দুল মান্নান সরকার, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, সাংবাদিক হাবিবুর রহমান, বাবু মিয়া প্রমুখ।
জানা যায়, ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের টিআর বাঁধটি গত বছরের বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এতে করে ওই এলাকার কয়েক হাজার মানুষের যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ দেখা দেয়। এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের সাধারণ বরাদ্দ থেকে উত্তর উড়িয়া গ্রামের হামিদের বাড়ির নিকট হতে দক্ষিণে জয়দেশের বাড়ি নিকট পর্যন্ত টিআর বাঁধ সংস্কারের জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। প্রকল্পের আওতায় টিআর বাঁধটি সংস্কার কাজ শেষ হলে উড়িয়া ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের পথ সুগম হবে।
এটিএম রাকিবুর রহমান সুমন করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলছড়ি (গাইবান্ধা) 

















