গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাপের কামড়ে মরিয়ম বেগম মহিরণ (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মরিয়ম বেগম মহিরণ ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী।
স্বজনরা জানান, ওই সময় মহিরণ বেগম নিজের শয়ন ঘরে শুয়ে ছিলেন। এরমধ্যে একটি বিষধর সাপ কামড় দেয়। এসময় তিনি চিৎকার দিয়ে উঠে দেখেন ঘরের মেঝের মধ্যে সাপটি একটি ইঁদুর ধরার চেষ্টা করছে। এ অবস্থায় তিনি নিজেই সাপটিকে দা দিয়ে কুপিয়ে মেরে ফেলেন। কিছুক্ষণ পর মহিরণ বেগম অসুস্থবোধ করতে থাকেন। পরে স্থানীয় ওঝা দিয়ে ঝাঁড়ফুক করে তাকে সুস্থ করার চেষ্টা করা হয়। কিন্তু এতে তিনি সুস্থ না হওয়ায় ক্রমান্বয়ে তার অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপর তাকে গাইবান্ধা জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যায়।
এ বিষয়ে দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল লতিফ বলেন, সাপের কামড়ে মরিয়ম বেগম মহিরণ নামের এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 





















