গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাঁশের কঞ্চি কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নায়েব আলী (৫৫) নামের এক ক্ষুদ্র হলুদ ব্যবসায়ীর মত্যু হয়েছে।
রোববার (৮ অক্টোবর ) সকাল ৯ টার দিকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নায়েব আলী ওই গ্রামের অপুর উদ্দিন ফকিরের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, নায়েব আলী গ্রাম-গঞ্জে গুড়া হলুদ বিক্রি ও কখনো শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এরই মধ্যে ওই সময় তিনি বাড়ির পাশের ঝোঁপে কঞ্চি কাটার জন্য একটি বাঁশের মাথায় ওঠেন। এসময় বাঁশটি হেলে পড়ে বৈদ্যুতিক তারে লেগে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্টে নায়েব আলীর মৃত্যু হয়।
এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ পবিত্র কুমার রায় বলেন, ওইস্থানে বিদ্যুৎস্পৃষ্টে নায়েব আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 





















