লালমনিরহাটের কালীগঞ্জে কুকুরের সাথে অটোরিকশার ধাক্কায় অটো উল্টে চালক বলরাম (৫৫) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অটোর এক যাত্রী।
নিহত অটোচালক বলরাম পার্শ্ববর্তী আদিতমারী উপজেলার কমলাড়ী ইউনিয়নের চন্দনপাট হরিবালা এলাকার বাসিন্দা।
রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের চাকলারহাট হলমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, অটোচালক বলরাম বামনের বাসা থেকে শিয়াল খোওয়া বাজারে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। অটোটি চাকলার হাট হলমোড়ে পৌঁছালে একটি কুকুরের সাথে ধাক্কা লেগে উল্টে যায় এবং অটোর নিচে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত চালক ঘটনাস্থলেই মারা যায়।
কালীগঞ্জ থানাধীন গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাসুদ রানা (এসআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাহজাহান সাজু , ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 





















