গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কৃষি জমি থেকে এক অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ২নং কাটাবাড়ি ইউনিয়নে মোল্লাপাড়া গ্রামের ভুট্টা ক্ষেত সংলগ্ন জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ফসলি জমিতে কাজ করতে যায় কৃষকরা। এসময় ওই স্থানের ভুট্রা ক্ষেতের পাশে নবজাতকের মরদেহ দেখতে পাওয়া যায়। পরে ফাঁড়ি পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে গোবিন্দগঞ্জের বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সেকেন্দার আলী জানান, খবর পেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত নবজাতকের কোন পরিচয় পাওয়া যায়নি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















