তোফায়েল হোসেন জাকির: গাইবান্ধা জেলায় অব্যাহত রয়েছে তাপপ্রবাহ। এই দুর্যোগের কবলে জনজীবনে বিপর্যস্ত হচ্ছে খেটে খাওয়া মানুষরা। এসব মানুষদের তৃষ্ণা পূরণে বিতরণ করা হয়েছে শরবত।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে গাইবান্ধার শহরের প্রধান সড়কগুলোতে শরতের গ্লাস তুলে দেওয়া হয় পথচারী ও রিকশা-ভ্যান চালকদের হাতে।
বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে একদল তরুণ-তরুণী এই কর্মসূচি আয়োজন করে। এতে ১০০ লিটার শরবত ৪০০ মানুষের মাঝে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ, সদস্য মাহিদ সরকার, পুষ্পিতা সরকার, পূজা সরকার, বৃষ্টি ইসলাম, মাহিন সরকার, বিশাল সরকার, সুস্মিতা সরকার, সাকু মিয়া, সীমান্ত সরকার, মিম, শাহরিয়ার সোহাগ, অথৈ ইসলাম প্রমুখ।
ওই শরবত পেয়ে নাজমুল হাসান নামের এক রিকশাচালক বলেন, বেশ কিছু দিন ধরে প্রখর রোদ আর অসহনীয় গরমে অস্থির হয়ে ওঠেছি। এরই মধ্যে ছাত্র-ছাত্রীদের দেওয়া এক গ্লাস শরবত পানে অনেকটা স্বস্তি পেলাম।
বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ বলেন, বিভিন্ন দুর্যোগের কবলে পড়া ভুক্তভোগীসহ অসহায়-দুস্থ মানুষের সেবাদানই আমাদের সংগঠনের উদ্দেশ্য। এরই অংশ হিসেবে গরমে অস্থির হওয়া মানুষের মধ্যে শরবত বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, এ সংগঠনে যুক্ত সবাই শিক্ষার্থী। বিভিন্ন দাতাদের মাধ্যমে নানান সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। আমাদের কাজগুলো অব্যাহত রাখতে সবার সহযোহিতা কামনা করছি।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 


















