দিনাজপুরের খানসামা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচির বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২৯ এপ্রিল সোমবার সকালে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৩-২০২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ ২০২৪-২০২৫ মৌসুমে পাট, উফশী আউশ ও গ্রীষ্মকালীন পিঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক নার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গ্রীষ্মকালীন প্রতিজন পিঁয়াজ চাষি প্রতিবিঘা জমির জন্য ১ কেজি পিঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার, প্রতিজন আউশ চাষি প্রতিবিঘা জমির জন্য ১০ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়াও পাটচাষিদের প্রতিবিঘা জমির জন্য ১ কেজি করে পাট বীজ প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ১ হাজার ২৫০ জন কৃষককে সার ও বীজ প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, বন কর্মকর্তা মঞ্জুরুল কাদেরসহ উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক-কৃষাণী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















