কাকাতো ভাইয়ের বিয়ে আনতে যাওয়ার পথে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল কৃষ্ণ চন্দ্র দাস নামে এক যুবকের। এ সড়ক দূর্ঘটনাটি সোমবার দিবাগত আনুমানিক রাত দেড়টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কান্তজিও মন্দির মোড়ের সন্নিকটে ঘটেছে। নিহত কৃষ্ণ চন্দ্র দাস (২৬) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের মাস্টারপাড়ার গৌতম চন্দ্র দাসের ছেলে।
জানা গেছে, কৃষ্ণ চন্দ্র দাস ওই রাতে ৩ জন মিলে একটি মোটরসাইকেল যোগে কাকাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে দিনাজপুরের সেতাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। যাওয়ার পথে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কান্তজিও মন্দির মোড়ের সন্নিকটে মহাসড়কের ধারে রাখা বালুর স্তুপে তাদের মোটর সাইকেলটি পড়ে যায়। এসময় কৃষ্ণ মোটরসাইকেল থেকে মহাসড়কে ছিটকে পড়ে যায় এবং ঠাকুরগাঁওগামী একটি অজ্ঞাতনামা ট্রাক পিছন দিক থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে কৃষ্ণ ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















