টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত হামলায় হতাহতের ঘটনায় হামলাকারীদের বিচারের দাবিতে গাইবান্ধায় জোবায়েরপন্থীদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) গাইবান্ধা শহরে ডিবি রোডে আসাদুজ্জামান স্কুলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় এক সমাবেশে বক্তব্য দেন- জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আব্দুল বাছেত, যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর রহমান, বড় মসজিদের ইমাম মাহমুদুল হাসান কাশেমী, এমএ মজিদ, মুফতি এনামুল হাবিব, মুফতি হারুন অর রশিদ হাবিবসহ অনেকে।
বক্তারা, টঙ্গীর ইজতেমা ময়দানে অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের উপযুক্ত বিচার, গাইবান্ধা থেকে সাদপন্থীদের সব কার্যক্রম বন্ধ ঘোষণার দাবি জানান। সেইসাথে গাইবান্ধা জেলা মারকাজ মসজিদের ইমামকে অপসারণ দাবি করেছেন জোবায়েরপন্থী ওলামা মাশায়েকরা।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 



















