রাজবাড়ীতে পেটের ভেতর পাকস্থলীতে ইয়াবা পাচার করার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে একহাজার ৪০০ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। রোববার (২৮ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানান পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
গ্রেপ্তার দুই ব্যক্তি হলো লুৎফর রহমান মোল্লা (৪১)। তিনি রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা। আরেকজনের নাম কুব্বাত আলী মোল্লা (৪৮)। তিনি বড় চরবেনীনগর গ্রামের বাসিন্দা।
এবিষয়ে রোববার সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাউদ্দিন, ডিআইও- ১ সাইদুর রহমান, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল, পেটের ভেতর পাকস্থলীতে ইয়াবা নিয়ে আসা হয়। ইয়াবা স্কচটেপ দিয়ে মুড়িয়ে ক্যাপসুল আকারে পেটে নিয়ে আসা হয়। গোপন তথ্যের ভিত্তিতে বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামে শনিবার অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে লুৎফর রহমান মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরীক্ষা-নিরীক্ষা ও জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা থাকার কথা স্বীকার করেন। তাকে এক্সরে করা হয়। এতে পেটের ভেতর ক্যাপসুল আকারে বস্তুর উপস্থিতি দেখা যায়। চিকিৎসকের সহায়তায় বিশেষ প্রক্রিয়ার তা বের করা হয়। তাঁর পাকস্থলী থেকে ১৩টি ক্যাপসুল উদ্ধার করা হয়। প্রতিটি ক্যাপসুলে ৫০টি করে ইয়াবা ছিল। ক্যাপসুলগুলো থেকে মোট ৬৫০টি ইয়াবা পাওয়া যায়।
তাঁর দেওয়া তথ্যমতে কুব্বাত আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁর পেটে ১৫টি ক্যাপসুল উদ্ধার করা হয়। এতে ৭৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। দুইজনের কাছ থেকে মোট এক হাজার ৪০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
এসপি আরও বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের সঙ্গে কোনো প্রকার আপোষ নয়। মাদকের বিরুদ্ধে সবসময় অভিযান চলমান থাকবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, রাজবাড়ী 

















