দিনাজপুরের চিরিরবন্দরে ইউনিয়ন পরিষদের (ইউপি) জনসেবা কার্যক্রম গতিশীল ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চেয়ারম্যানদের স্থলে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। মামলাসহ দীর্ঘ সময় ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে পূর্বের চেয়ারম্যানদের পরিবর্তে ৩ জন সরকারি কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
পরিষদ ও নিয়োগপ্রাপ্তরা হলেন-১নং নশরতপুর ইউনিয়নে উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ডু, ৪নং ইসবপুর ইউনিয়নে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মাইদুল ইসলাম ও ১০নং পুনট্টি ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রায়হান আলী।
জানা গেছে, ৫ই আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে উপজেলার ১নং নশরতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুর ওহাব, ৪নং ইসবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হায়দার লিটন এবং ১০নং পুনট্টি ইউনিয়নের চেয়ারম্যান মো. নুর এ কামাল দীর্ঘ সময় ধরে কর্মস্থলে অর্থাৎ ইউনিয়ন পরিষদে আসেন না। এ কারণে ওই তিনটি ইউনিয়ন পরিষদের জনসেবা ও দাপ্তরিক বিভিন্ন কাজে জনভোগান্তি ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে গত ৩০ শে জানুয়ারি বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
ওই চিঠিতে বলা হয়, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত উপজেলা প্রশাসনের কর্মকর্তাদেরকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেয়া হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৩, ১০১ ও ১০২ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট তিনটি ইউনিয়ন পরিষদের মনোনয়নকৃত কর্মকর্তাদের ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা বিষয়টি নিশ্চিত করে জানান, এ তিনটি ইউনিয়নের সাধারণ মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। যে কারণে জেলা প্রশাসক স্যার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। এ তিন জন প্রশাসক ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন। এতে চেয়ারম্যানদের কর্মস্থলে অনুপস্থিত থাকায় এতদিন দাপ্তরিক কাজে যে ভোগান্তি ও অচলাবস্থার সৃষ্টি হয়েছিল তা আর থাকবে না।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















