আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-১২ ফোর্সেস সহ যৌথ বাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) র্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এটি বোদা মডেল পাইলট স্কুল থেকে শুরু হয়ে পাঁচপীর, সাকুয়া হয়ে বোদা উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
এছাড়া র্যাব-১৩ সহ যৌথ বাহিনীর আয়োজনে নীলফামারী জেলার ডিমলা উপজেলা এবং নাওতারা ইউনিয়ন এলাকায় যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়াটি ডিমলা থানা এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এই মহড়ায় র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারি ক্যাম্প, বাংলাদেশ পুলিশ ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অংশগ্রহণ করে। এসময় সশস্ত্র টহল, যানবাহন পর্যবেক্ষণ ও জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর মাঝে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়।
এদিকে, রংপুরের মিঠাপুকুর এলাকায় একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এতে মিঠাপুকুর উপজেলা প্রশাসন, র্যাব-১৩, সেনাবাহিনী, পুলিশ, বিজিবির সদস্যরা অংশগ্রহণ করেন।
অপরদিকে, একইদিনে দুপুর ২ টার দিকে ঠাকুরগাঁও-১ আসনের সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ঠাকুরগাঁ-২ আসনের হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলা করার একটি যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
এসব তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন- আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে র্যাব-১৩ সহ যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা, গুজব, সন্ত্রাসী তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং চেকপোস্ট, মোবাইল টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে। সেইসঙ্গে চিহ্নিত অপরাধী, সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
জাকির/জাগো২৪
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 














