গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বহুল আলোচিত মাদক সম্রাট ও একাধিক মামলার আসামি আশরাফুল ইসলামসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা ৭০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ মার্চ) বিকেলে আটককৃতদের আদালতে পাঠানো হয়। এর আগে ভোর রাতে সাদুল্লাপুর শহরতলীর জয়েনপুর গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃত আশরাফুল ইসলাম ওই গ্রামের তাহের মিয়ার ছেলে ও লিখন মিয়া আব্দুল মান্নান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ধৃত আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে গাঁজা-ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করা ও চুরি-ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক মূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। শুধু তায় নয়, জয়েনপুর গুচ্ছগ্রামে অবৈধভাবে জায়গা দখল করে নিরাপদে অপরাধ মুলক কার্যকলাপে চালিয়ে আসছে। তার এমন অসামাজিক কর্মকাণ্ডে বিশাল নেটওয়ার্ক গড়ে তোলায় এসবের প্রতিবাদ করার কেউ সাহস পায় না। একটু প্রতিবাদ করতে গেলেই মানুষের উপর অমানুসিক নির্যাতন চালায় কথিত আশরাফুল।
এদিকে, মঙ্গলবার ভোর রাতে আশরাফুল পুলিশের হাতে আটকের খবর শুনে এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে একাধিক সুত্রে জানা গেছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জাগো২৪.নেট-কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে আশরাফুল ও লিখনকে আটক করা হয়। এসময় আশরাফুলের কাছ থেকে ৫০০ গ্রাম ও লিখনের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজাসহ মোট ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জাগো২৪.নেট-কে বলেন, আটকদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা রুজু করার পর মঙ্গলবার বিকেলে আদালতে পাঠানো হয় । এছাড়া আশরাফুলের বিরুদ্ধে আরো ৪টি মামলা বিচারাধীন রয়েছে। মাদকমুক্ত সাদুল্লাপুর গড়তে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















