২৩ ফেব্রুয়ারি, মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
প্রতিবছরের মতো এবারও মেলবোর্নস্থ বাংলা ভাষা ও সাংস্কৃতিক স্কুলের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। গতকাল শনিবার সকাল সাড়ে এগারোটায় ওয়েস্টাল প্রাইমারি স্কুলের হলরুম থেকে এক প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। প্রভাতফেরির উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি মো: মিজানুর রহমান। প্রভাতফেরি শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা তাদের বাবা-মায়ের আঞ্চলিক ভাষা এবং উপভাষার উপর বিভিন্ন উপস্থাপনায় অংশ নেয়।
এছাড়াও অনুষ্ঠোনে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিবৃন্দ একে একে গান, কবিতা, নৃত্য ও নাটিকা পরিবেশন করেন। দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের শেষপর্বে ছিল বাংলাভাষা, সাহিত্য ও একুশের চেতনা বিষয়ক বড়দের জন্য কুইজ প্রতিযোগিতা। এছাড়াও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ছিল বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানে অংশগ্রহণ করে বেশ কিছু স্টল- যারা বিদেশের মাটিতে দেশীয় খাবার, পোশাকসহ বিভিন্ন পণ্য প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার তুলে দেন মেলবোর্ন বাংলা ভাষা ও সাংস্কৃতিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মাজহারুল চৌধুরী ও ড. সামসুজ্জোহা এবং বিশিষ্ট ব্যক্তি ও বিপিসিএসভির সভাপতি জাহারুল ভৌমিক । অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, এই দিবসটি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করার এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর একটি সুযোগ। একই সাথে, এটি বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য স্থাপনের একটি উৎসব। তারা নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস সম্পর্কে জানানো, আমাদের মাতৃভাষার গুরুত্ব এবং বিশেষ করে আঞ্চলিক ভাষাগুলোর ঐতিহ্য ও সমৃদ্ধি সম্পর্কে চর্চা অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক, আমন্ত্রিত অতিথি এবং সুধিবৃন্দসহ প্রায় দেড়শত লোক অংশগ্রহণ করেন।
ডেস্ক রিপোর্ট, জাগো২৪.নেট 

















