স্ট্রবেরি একটি বিদেশি ফল। এটি পুষ্টিগুণে সমৃদ্ধ ও খেতে সুস্বাদু। এ স্ট্রবেরি চাষ হচ্ছে দিনাজপুরের খানসামা উপজেলার চক কাঞ্চন গ্রামে। উপজেলায় স্ট্রবেরি চাষ করে নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। স্বল্প শ্রম-পুঁজিতে অধিক ফলন ও লাভের আশা করছেন স্ট্রবেরি চাষি যুবক মাসুম বিল্লাহ।
সরজমিন দেখা গেছে, ক্ষেত পরিচর্যা ও বিক্রির জন্য স্ট্রবেরি তুলছেন কৃষক মাসুম বিল্লাহ। এ নতুন ফসলের আবাদ দেখতে আবাদে আগ্রহী কৃষকরাসহ স্থানীয়রা নিয়মিত ক্ষেতে আসছেন। চাষি মাসুম বিল্লাহ জানান, কৃষি বিভাগের পরামর্শক্রমে পরীক্ষামূলক ৪ শতক জমিতে স্ট্রবেরি চাষ করেছেন। এ জমিতে অন্তত ৪০০ স্ট্রবেরির গাছ রয়েছে। চারারোপণ, পরিচর্যাসহ সব মিলিয়ে খরচ হয়েছে ২০-২৫ হাজার টাকা। অক্টোবর মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত স্ট্রবেরির চারা রোপণ করা যায়। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে গাছে ফুল আসতে শুরু করে। ডিসেম্বরের শেষ থেকে এপ্রিল মাস পর্যন্ত ফল আহরণ ও বিক্রি করা যায়। মৌসুমে প্রতিটি গাছ থেকে ৪-৫ বারে ৫০০-৬০০ গ্রাম ফল আহরণ করা যায়। বাজারে স্ট্রবেরির পাইকারি প্রতিকেজির দর ৪০০ টাকা। বর্তমান বাজারদর অনুযায়ী ৪ শতক জমিতে ৭০-৭৫ হাজার টাকার স্ট্রবেরি বিক্রি করা যাবে। এতে স্বল্প শ্রম ও পুঁজিতে অধিক লাভের আশা করছেন মাসুম বিল্লাহ। আগামীতে তিনি বৃহৎ পরিসরে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার বলেন, স্ট্রবেরি পুষ্টি গুণে সমৃদ্ধ একটি বিদেশি ফল। এটি চাষে অল্প বিনিয়োগে অধিক মুনাফা পাওয়া যায়। উপজেলার চক কাঞ্চন গ্রামের কৃষক মাসুম বিল্লাহ স্ট্রবেরি চাষে সফল হয়েছেন। এ উপজেলার উর্বর জমিতে উচ্চ ফলনশীল স্ট্রবেরি বাণিজ্যিকভাবে চাষাবাদে কেউ আগ্রহী হলে কৃষি বিভাগ তাদের সার্বিক পরামর্শ দেয়া হবে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















