দিনাজপুরের খানসামা উপজেলায় রাসকালী মন্দিরে হরিবাসর চলাকালীন সময়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জীবন রায় নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ ঘটনাটি বৃহস্পতিবার আনুমানিক ভোর ৫টার দিকে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দারবাজারে রাসকালী মন্দিরে হরিবাসর চলাকালীন সময়ে ঘটেছে। নিহত জীবন রায় (৩০) উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের বৃন্দারবাজার এলাকার ডাঙ্গাপাড়ার তাপস রায়ের ছেলে এবং এক কন্যা সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃন্দারবাজারে রাসকালী মন্দিরে হরিবাসর চলাকালীন সময়ে মন্দিরে বিদ্যুৎ লাইনের সংযোগ তারে আর্কস্মিকভাবে বিদ্যুৎ স্পৃষ্ট হন জীবন রায়। স্থানীয় লোকজন এ ঘটনা টের পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলার পাকেরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি এধরনের অনাকাঙ্খিত দূর্ঘটনা এড়াতে সকলকে আরও সর্তক ও সচেতন থাকার আহ্বান জানান।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















