দিনাজপুরের বিরামপুরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মা ও তার কোলে থাকা তিন মাসের শিশু সন্তানের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন,কোহিনূর বেগম (২৭) ও শিশু সন্তান রিশাত কাইফ(৩) । তাদের উভয়ের বাড়ী উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামে। নিহত কোহিনূর বেগম একজন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী পদে কর্মরত ছিলেন। তার স্বামী নাম গোলাম রব্বানী।
শুক্রবার (১৫আগস্ট ) আনুমানিক সকাল ১১টা ৩০ মিনিটের সময় দিনাজপুর -গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলার পৌর শহরে সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১.৩০ মিনিটের সময় গোলাম রব্বানী তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি( পার্শ্ববর্তী উপজেলা হাকিমপুর) থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বিরামপুর পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে ধাক্কায় দেয়। ধাক্কা খেয়ে তারা দিনাজপুর-গোবিন্দঞ্জ আঞ্চলিক মহাসড়কে ছিটকে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই কোহিনুর ও শিশু সন্তান কাইফের মৃত্যু হয়। স্বামী গোলাম রব্বানী অলৌকিকভাবে বেঁচে যান।
দুর্ঘটনার খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করেন। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর মাত্র কয়েক মিনিটের মধ্যে মহাসড়কে প্রায় পাঁচ শতাধিক মানুষের ভিড় জমার কারণে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত করে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত ট্রাক ও চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 

















