জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক ও গাইবান্ধার সাদুল্লাপুরের কৃতি সন্তান নাজমুল হাসান সোহাগের বাবা আব্দুর রহমানের রোপণ করা বেগুন ক্ষেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে তাদের দাবি।
সরেজমিনে রোববার (১৭ আগস্ট) বিকেলে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাঠে দেখা যায়- ক্ষেতের বেগুন গাছগুলো কেটে ফেলার দৃশ্য।
খোজ নিয়ে জানা যায়, এনসিপি নেতা নাজমুল হাসান সোহাগের বাবা পেশায় একজন কৃষক। বিভিন্ন কৃষি ফসল উৎপাদন করে সংসারের চাহিদা পূরণের চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় ৩০ শতক জমিতে বেগুন চারা রোপণ করছিলেন। এখান থেকে ফসল সংগ্রহ করে প্রায় ৪ লক্ষাধিক টাকা বিক্রি করার স্বপ্ন ছিল তার। এরই মধ্যে শনিবার (১৬ আগস্ট) রাতের কোনো এক সময় এই ক্ষেতে সবগুলো বেগুন গাছ কেটে সাবার করেছে কে বা কারা।
এ ক্ষতিগ্রস্ত আব্দুর রহমান বলেন, ৩০ শতক জমিতে বেগুন চারা রোপণ করতে ইতোমধ্যে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। এ ক্ষেত থেকে প্রায় ৪ লক্ষাধিক টাকা বেগুন বিক্রির আশা ছিলো। এরই মধ্যে কে বা কারা আমার বেগুন ক্ষেত নষ্ট করে দিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক নাজমুল হাসান সোহাগ বলেন, কৃষি ফসলাদি চাষাবাদ আমাদের পরিবারের বেঁচে থাকার প্রধান অবলম্বন। বাড়ি থেকে আমাকে সকালে ফোন করে জানালেন আমাদের বেগুনের ৩০ শতাংশ জমির জমির বেগুন গাছ কেটে ফেলে সম্পূর্ণ জমির গাছ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। বিষয়টি পুলিশে জানানো হয়েছে। আমি দেশবাসীর কাছে এই দুর্বৃত্তায়নের বিচার চাই।
সাদুল্লাপুর ধানাধীন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সুপদ হালদার বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















