ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি ও চট্টগ্রাম-৮ সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে ১৩ ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় জেলা বিএনপির ব্যানারে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ মিছিলে জেলা বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি মহল পরিকল্পিতভাবে হামলা ও সহিংসতা চালাচ্ছে। এসব হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, “দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। নির্বাচনী সহিংসতা বন্ধ করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি ও চট্টগ্রাম-৮ সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর উপর হামলাকারীদের অনতিবিলম্ব আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির আহবান জানান।
প্রতিবাদ মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলাকারীদের গ্রেপ্তার, নির্বাচনী সহিংসতা বন্ধ এবং গণতন্ত্র রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
জেলা বিএনপির নেতারা জানান, নির্বাচনী পরিবেশ স্বাভাবিক না হলে এবং সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনগুলোতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 









