সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চলমান সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার’ এর অংশ হিসেবে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১ টায় আলোকিত লালমনিরহাট’-এর প্রতিষ্ঠাতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি’র নেতৃত্বে র্যালিটি শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুলাঘাট হয়ে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়।
সাইকেল র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান ও জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক । এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ‘আলোকিত লালমনিরহাট’-এর হাজারো স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলুন’, ‘যৌতুককে না বলুন’ এবং ‘জুয়াকে না বলুন’—এই স্লোগানগুলোর মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলনের মূল বার্তা পৌঁছে দেন।
উল্লেখ্য যে, লালমনিরহাটে ব্যাপক সাড়া জাগানো এই সামাজিক আন্দোলন সরেজমিনে পর্যবেক্ষণের জন্য আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সফরে আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 

















