গাইবান্ধার পলাশবাড়ীতে অসচ্ছল, মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ‘পলাশবাড়ী উন্নয়ন ফোরাম’। সংগঠনটির উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের ২০০ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের মহদীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা উপহার হিসেবে স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
পলাশবাড়ী উন্নয়ন ফোরামের সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহীদুর রহমান চৌধুরী গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাফিউর রহমান চৌধুরী জোহা এবং বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও মহদীপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম।
এ সময় ফোরামের সহসভাপতি মো. মিজানুর রহমান ও ড. মো. তানজিউল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুছা কালিমুল্ল্যা ও আব্দুল মতিন, সাহিত্যবিষয়ক সম্পাদক মোছা. সাবিনা ইয়াসমিন, তথ্য ও প্রচার সম্পাদক আরিফ উদ্দিন, সদস্য আনসার আলী, মো. আতিকুর রহমান চৌধুরী রুইসেলসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। এ ধরনের উদ্যোগের জন্য পলাশবাড়ী উন্নয়ন ফোরামের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানায় তারা।
পলাশবাড়ী উন্নয়ন ফোরামের সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহীদুর রহমান চৌধুরী গোলাপ বলেন, সমাজের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা যেন আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষার স্বাভাবিক পরিবেশ থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের শিক্ষাজীবনকে আরও উৎসাহিত করতে পলাশবাড়ী উন্নয়ন ফোরাম ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















