গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪ নম্বর জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগ শুরু করেছেন উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি শফিজল ইসলাম।
এ উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গয়েশপুর গ্রামে স্থানীয়দের নিয়ে উঠান বৈঠক করেন তিনি।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি। এ সময় স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা শফিজল ইসলামের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার উদ্যোগকে সমর্থন জানান এবং তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান জানান।
উঠান বৈঠকে শফিজল ইসলাম বলেন, আমি ক্ষমতার জন্য নয়, এলাকার মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেব। সরকারি বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত করব। কোনো ধরনের বৈষম্য, অনিয়ম ও দুর্নীতিকে প্রশ্রয় দেব না। সাধারণ মানুষ যেন ইউনিয়ন পরিষদে এসে হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেব।
তিনি আরও বলেন, আমি দল-মত নির্বিশেষে সবার চেয়ারম্যান হতে চাই। বিশেষ করে অসহায়, দরিদ্র, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো হবে আমার অন্যতম অঙ্গীকার। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে একটি জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।
জেলা এনসিপির আহ্বায়ক এসএম খাদেমুল ইসলাম খুদি বলেন, আমরা এমন নেতৃত্ব চাই, যারা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের অধিকার ও কল্যাণে কাজ করবে। স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করতে সৎ, যোগ্য ও জনসম্পৃক্ত নেতৃত্বের বিকল্প নেই। শফিজল ইসলাম মানুষের পাশে থেকে কাজ করার যে প্রত্যয় ব্যক্ত করেছেন, আমরা তার সেই উদ্যোগকে স্বাগত জানাই।
তিনি আরও বলেন, জনগণের মতামত ও সমর্থনই হবে নেতৃত্ব নির্বাচনের মূল ভিত্তি। মানুষের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৈঠকে স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে শফিজল ইসলামকে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য সমর্থন জানান।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 




















