দিনাজপুরের চিরিরবন্দরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র আওতায় ডেইরি প্রডিউসার গ্রুপ (পিজি) সদস্যদের মাঝে উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৭ মে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব
মো. আখতারুজ্জামান মিয়া এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম। এছাড়াও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন্নবী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খামারি ও পিজি সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, বিতরণকৃত উপকরণ সঠিকভাবে ব্যবহার করলে দুধ উৎপাদন বৃদ্ধি পাবে এবং খামারিরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন। স্থানীয় খামারিরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এ সহায়তার মাধ্যমে তাদের আয় বৃদ্ধি এবং টেকসই খামার ব্যবস্থাপনা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হচ্ছে।
অনুষ্ঠানে জানানো হয়, প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় পিজি গ্রুপের সদস্যদের খড় কাটার মেশিন, বিভিন্ন ধরনের টিকা, কৃমিনাশকসহ নানা ধরনের প্রণোদনা সহায়তা প্রদান করা হয়েছে। এসব সহায়তা ডেইরি খামার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার ১২টি ইউনিয়নের ২২টি ডেইরি প্রডিউসার গ্রুপে ৮৩০ জন সদস্যের মাঝে প্রতিজন ২০ লিটারের দুইটি মিল্ক ক্যান, ১০ লিটারের একটি মিল্ক বাকেট, এক সেট মিল্ক মেজারিং পট, একটি টিট ডিপিং কাপ, একজোড়া হ্যান্ড গ্লাভস, একটি থার্মোমিটার ক্লক এবং একজোড়া গামবুট উপকরণ বিতরণ করা হয়।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 










