চলতি বোরো মৌসুমে গাইবান্ধা জেলায় মোট ৭১ হাজার মেট্রিক টন ধান-চাল ও খাদ্যশস্য কিনবে খাদ্য বিভাগ। এর মধ্যে ধান ৯ হাজার ৫০০ মেট্রিক টন, চাল ২৬ হাজার মেট্রিক টন ও অন্যান্য খাদ্যশস্য ৩৫ হাজার ৫০০ মেট্রিক টন।
রোববার (২৪ মে) গাইবান্ধা সদর এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো) চত্বরে উপজেলা প্রশাসন ও সদর উপজেলা খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- গাইবান্ধার জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) মিজানুর রহমান, এছাড়াও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের বোরো সংগ্রহ অভিযানে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক ও ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। হয়রানি ও অনিয়ম রোধে জেলার তালিকাভুক্ত প্রকৃত কৃষকদের প্রথমে অনলাইনের মাধ্যমে ডিজিটাল নিবন্ধন করা হয়েছে। পরবর্তীতে নিবন্ধিত কৃষকদের মধ্য থেকে সম্পূর্ণ নিরপেক্ষ লটারির মাধ্যমে চূড়ান্ত বিক্রেতা নির্বাচন করা হচ্ছে।
এ বিষয়ে গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং সরকারি খাদ্য গুদামে মানসম্মত খাদ্যশস্য সংগ্রহ করতে প্রশাসন সম্পূর্ণ স্বচ্ছতার সাথে কাজ করছে। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালাল চক্র যেন প্রকৃত কৃষকদের অধিকার ক্ষুণ্ন করতে না পারে, সে ব্যাপারে খাদ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারি রাখতে হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















