গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ১৪৪ ধারার আদেশ জারি করেছে স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (৩০ জুন) পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের দুইটি রাজনৈতিক দলের সংঘর্ষ হয়। এরপর পরস্পর বিরোধী অবস্থানের কারণে পলাশবাড়ী চৌমাথা থেকে ৫০০ মিটার এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ এলাকায় লোক সমাগমের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি তথা আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি হতে পারে এবং জনগণের জানমালের নিরাপত্তাহানী ঘটতে পারে। এ কারনে ১৪৪ ধারা জারি করা হলো।
এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ বলেন, পলাশবাড়ী চৌমাথা থেকে চতুর্দিকে ৫০০ মিটার এলাকায় আজ মঙ্গলবার বিকেলে ৪ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছি। এ ধারামতে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, কোন ধরনের অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন, শ্লোগান বা মিছিল, শব্দবর্ধক যন্ত্র নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (২৯ জুন) সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় জামায়াত ও বিএনপির নেকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। একইসঙ্গে ভাঙচুরের ঘটনাও ঘটে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















