বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপনে গাইবান্ধার সুন্দরগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাবুল আহমেদ।
বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া নিপন, পৌর বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান লিপু, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম এ গাফফার মোল্লা ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবদুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা এবং বিএনপির রাজনীতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে বিএনপি বিভিন্ন সময়ে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়েছে।
তারা আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জাহিদ, স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















