দিনাজপুরের চিরিরবন্দরে ৪১ কেজি গাঁজা ও ১হাজার ২১৫ পিস ইয়াবাসহ রানু রানী রায় (৪৫) নামে এক মহিলাকে আটক করেছে র্যাব-১৩’র একটি টহল দল। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, র্যাব-১৩’র একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেতুঁলিয়া ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের ডাঙ্গাপাড়ায় গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে গোপাল মন্দিরের পূর্বপাশে গাঁজা বিক্রিকালে রানু রানী রায় (৪৫) নামে এক মহিলাকে হাতেনাতে আটক করে। এসময় তার সঙ্গীয় অপর ৩/৪জন মাদক ব্যবসায়ী ঘটনাস্থলে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। এরপর র্যাব-১৩’র কর্মকর্তাবৃন্দ আটক ওই মহিলার বাড়িতে তল্লাশী চালিয়ে ঘরের ভিতর থেকে ৪১ কেজি গাঁজা ও ১হাজার ২১৫ পিস ইয়াবা উদ্ধার করেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জাগো২৪.নেট-কে জানান, র্যাব-১৩’র নায়েব সুবেদার (বিজিবির উপ-সহকারি পরিচালক) ফুলমিয়া সরকার গতকাল বুধবার সকালে আটককৃত রানু রানী রায়কে থানায় সোপর্দ করেন। জব্দ তালিকাসহ রানু রানী রায় ও অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৩৩/১১১।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 
















