আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করে কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরুপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার লাভ করেছেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহামুদুল হাসান। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করে কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি এ পদকে ভূষিত হন। রোববার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
চিরিরবন্দর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, মো. মাহামুদুল হাসান পরিবেশবান্ধব চাষাবাদ সম্প্রসারণের মাধ্যমে বিষমুক্ত খাদ্যশস্য উৎপাদন বৃদ্ধি করে নিজ কর্ম এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি জৈব সার উৎপাদন ও ব্যবহার, ক্ষেতের পোকামাকড় দমনে পার্চিং পদ্ধতি ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে ভুট্টা, আউশ ও আমনধানের ফলন বৃদ্ধিতে স্থানীয় কৃষকদের উদ্বুদ্ধ করেছেন। এছাড়া ফলবাগান সৃজন, ঔষধী গ্রাম, ফুল, আমড়াবাগান, সজনা বাগান, সবজি ও মসলা জাতীয় আবাদ বৃদ্ধিমূলক কর্মকান্ডে স্থানীয় কৃষকদের প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণে দক্ষতার পরিচয় রেখেছেন। পরিবেশবান্ধব নতুন নতুন প্রযুক্তি হস্তান্তরে কৃষকদের প্রশিক্ষণ ও উৎসাহিতকরণে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তার ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলার কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এসেছে ভুট্টা চাষেও সফলতা। ফলে স্থানীয় কৃষকরা প্রচলিত ফসলের পাশাপাশি অপ্রচলিত ফসল উৎপাদনেও উৎসাহিত হচ্ছেন। উৎপাদিত এসব ফসল বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। যার ফলে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করে কৃষিক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরুপ বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার রৌপ্যপদক লাভ করেছেন চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহামুদুল হাসান।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















