তোফায়েল হোসেন জাকির: গাইবান্ধা জেলায় করোনা পরিস্থিতি দিনদিনে অবনতির দিকে ধাবিত হচ্ছে। এ সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলমান রয়েছে। জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) রাতে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় জেলা সদরে ১৫ জন, সাদুল্লাপুরে ৯ জন, পলাশবাড়ীতে ২ জন, সুন্দরগঞ্জে ৪ জন, সাঘাটায় ৩ জন ও গোবিন্দগঞ্জে ৬ জনসহ মোট শনাক্ত হয়েছেন ৩৯ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১১৭ জনে।
গাইবান্ধা জেলায় করোনা সংক্রমণ মোকাবিলায় সরকারি-বেসরকারি ২৫ টি চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে রোগিদের জন্য বেড রয়েছে ৬৭১ টি। চিকিৎসাসেবায় ১৫৪ জন ডাক্তার ও নার্স রয়েছেন ২০৯ জন। তারা শুধু মাত্র করোনার চিকিৎসায় নিয়োজিত থাকছেন। এছাড়া করোনায় আক্রান্ত রোগিদের জরুরি চিকিৎসায় স্থানান্তরের নিমিত্তে পৃথকভাবে ২ টি এ্যাম্বুলেন্স ও ২ টি মাইক্রোবাস প্রস্তুত রয়েছে। একই সঙ্গে ১০০ বেডের আইসোলেসনেরও ব্যবস্থা রয়েছে।
গাইবান্ধা সিভিল সার্জন ডা. আ ম আখতারুজ্জামান বলেন, করোনা চিকিৎসার জন্য সকল সামগ্রীসহ ডাক্তার-নার্সদের সুরক্ষার সামগ্রীও মজুদ রাখা হয়েছে। বিশেষ ব্যবস্থাপনায় ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে কোভিডের বর্জ্য ধ্বংস করা হচ্ছে। আগের তুলনায় সম্প্রতি সংক্রমণ বাড়ছে বলে জানান তিনি।
গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে মানুষদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মাঠে কাজ করছেন।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 
















