তোফায়েল হোসেন জাকির: মহামারি করোনা সংক্রমণ বিস্তার রোধে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলাতেও এক সপ্তাহের লকডাউন চলমান রয়েছে। এটি বাস্তবায়নে চতু্র্থ দিন পর্যন্ত কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সর্বাত্নক লকডাউন বাস্তবায়নে এ পর্যন্ত ৩০১ টি মামলায় ২ লাখ ১ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৪ জুলাই) গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। লকডাউনের চতুর্থ দিনে জেলার সাদুল্লাপুর উপজেলাসহ প্রত্যেক উপজেলায় ১৭ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় ১০৩ মামলায় ৮৯ হাজার ৫০ টাকার জরিমানা করা হয়েছে। সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ওইসব জরিমানা করা হয়।
এর আগে লকডাউনের প্রথম দিনে ৪৭ মামলায় ২৬ হাজার ২৫০ টাকা, দ্বিতীয় দিনে ৬১ মামলায় ২৩ হাজার ২৫০ টাকা ও তৃতীয় দিনে ৯০ মামলায় ৬২ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। এতে সর্বমোট ৬১ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে প্রশাসন।
এসব অভিযান চলাকালে মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এবং জনসচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় আরোপিত বিধি-নিষেধ সমূহ কঠোর ভাবে বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমাণ আদালতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ব্যাটেলিয়ন আনসার বাহিনীর সহযোগিতায় বিভিন্ন অপরাধে ওই পরিমানের টাকা জরিমানা করা হয়েছে।
গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মানুষদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে এক সপ্তাহের লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। এর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মাঠে কাজ করছেন।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট 

















