দিনাজপুরের চিরিরবন্দরে চাল বোঝাই পিকআপের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী সৌরভ ইসলাম (১৫) নামে কিশোর ঘটনাস্থলেই নিহত এবং নাহিদ হোসেন ( ১৭) নামে অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত নাহিদ হোসেনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি রবিবার রাত ৯টায় উপজেলার দিনাজপুর-পার্বতীপুর সড়কের কারেন্টহাট কাঁকড়া ব্রিজের উপরে ঘটেছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় পার্বতীপুর থেকে দিনাজপুরগামী একটি চাল বোঝাই পিকআপ কাঁকাড়া ব্রিজের উপরে উঠলে পিছন দিকে আসা একটি মোটরসাইকেল তাকে ওভারটেক করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এসময় পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সৌরভ ইসলাম (১৫) মারা যান এবং নাহিদ হোসেন ( ১৭) গুরুতর আহত হন। নিহত সৌরভ ইসলাম উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের মো. আশাদুল হকের ছেলে এবং গুরুতর আহত নাহিদ হোসেন একই এলাকার ডা. আফছার আলীর ছেলে। স্থানীয় লোকজন গুরুতর আহত নাহিদ হোসেনকে সেখান থেকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে বলেন, ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















