ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দ্বিতীয় দফায় গাইবান্ধার সদর উপজেলার ১৩ টি ইউনিয়নে শান্তিপুর্ণ ভোটগ্রহন চলছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮ টা থেকে ভোটগ্রহন চলাকালে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশী দেখা গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার কামারজানি পুর্ব বাটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের ভোট প্রদানে অনেকটাই আগ্রহ দেখা যায়। তারা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৯০৮ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী, ৭৬ জন, সংরক্ষিত মহিলা সদস্য ২৪৯ জন এবং সাধারণ সদস্য পদে ৫৮৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নের মধ্যে লক্ষীপুর ইউনিয়নে লক্ষীপুর ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহন চলমান রয়েছে।
এসব তথ্য নিশ্চিত করে গাইবান্ধা সদর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ জানান, এ নির্বাচনে মোট ৩ লাখ ৪ হাজার ১৪৬ ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।
গাইবান্ধা পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে আইন শৃক্সখলা বাহিনী মোতায়েন ও অন্যান্য টিমসহ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সবসময় ভ্রাম্যমান টিম টহল অব্যাহত রয়েছে।
স্টাফ করেসপন্ডেন্টে, বার্তা২৪.নেট 

















