গাইবান্ধার ফুলছড়িতে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান দোলন। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আকতার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিপুন দেবনাথ, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া জানান, সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়নের ৫ হাজার ৬৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।
রাকিবুর রহমান সুমন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, ফুলছড়ি 

















