দিনাজপুরের চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে মোসাব্বির হোসেন (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। ঘটনাটি গত ১৫ নভেম্বর সোমবার দিবাগত রাত ৯টার পর যেকোন সময় উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের পশ্চিম বানিয়াপাড়ায় ঘটেছে।
থানা পুলিশ ও পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর পশ্চিম বানিয়াপাড়ার মৃত মজনু শাহ্র ছেলে মোসাব্বির হোসেন (৭০) তাঁর নিজ শয়নঘরের সিঁড়িতে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যরা জানান, রাতের খাওয়া শেষে রাত ৯টার পর নিজ শয়নকক্ষে ঘুমাতে যান তিনি। গতকাল ১৬ নভেম্বর মঙ্গলবার সকালে তাঁর ঘরে গেলে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই আশরাফুল ইসলাম জানান, গত ৩/৪ বছর ধরে মানষিকভাবে অসুস্থ ও আর্থিক অনটনে থাকায় ওই বৃদ্ধ আত্মহত্যা করে থাকতে পারে। তাঁর গলায় দাগ ছিল।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















