তোফায়েল হোসেন জাকিরঃ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে আগামীকাল রোববার (২৮ নভেম্বর) গাইবান্ধা জেলার ১৯ টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলায় ১৩ ইউপি ও পলাশবাড়ী উপজেলায় ৬ ইউপিতে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা। এ নির্বাচনের সকল প্রস্তুতি শেষে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে সরাঞ্জমাদি।
শনিবার (২৭ নভেম্বর) দিনব্যাপী সুন্দরগঞ্জ ও পলাশবাড়ীর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরাঞ্জমাদি পাঠানোর চিত্র দেখা গেছে। একই সঙ্গে প্রস্তুত রয়েছে প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।
গাইবান্ধা জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ১২৬ টি। এসব কেন্দ্রে পুরুষ-মহিলাসহ মোট ৩ লাখ ১০ হাজার ৩০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
অপরদিকে, পলাশবাড়ী উপজেলায় ৬টি ইউনিয়নের ৬০ টি কেন্দ্রে নির্বাচন সম্পন্ন করা হবে। এতে পুরুষ-মহিলাসহ ১ লাখ ২৫ হাজার ৬৪৭ জন মানুষ ভোটাধিকার প্রয়োগ করবেন।
জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে জানান, অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কেন্দ্রগুলোতে যাবতীয় উপকরণ পাঠানো হচ্ছে।
পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করা হবে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপড় থাকবেন।
গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন জানান, ভোটাররা যাতে করে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রত্যেক ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের টহল অব্যাহত থাকবে।
তোফায়েল হোসেন জাকির, জাগো২৪.নেট: 
















