শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে গাইবান্ধায় ১০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল।
শুক্রবার (২০ নভেম্বর) গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘড়া এলাকায় সংস্থাটির বাংলাদেশ অফিসের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে চলতি বছর দেশের বিভিন্ন জেলায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা, সিলেট, গাজীপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, সাতক্ষীরা, দিনাজপুর, জামালপুর ও নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় এ পর্যন্ত ২ হাজার ৫০০টি কম্বল বিতরণ করা হয়েছে। এ ছাড়া নারীদের জন্য ১ হাজারটি কার্ডিগান এবং শিশুদের জন্য ১ হাজারটি জ্যাকেট বিতরণ করা হয়েছে।
সংস্থাটি জানায়, শীতের তীব্রতা থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সুরক্ষা দেওয়া এবং অসহায় পরিবারের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য।
উল্লেখ্য, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মানবিক সহায়তা, দারিদ্র্য বিমোচন ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















