ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন একজন প্রার্থী। তিনি হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আব্দুল লতিফ মন্ডল। তাকে বিজয়ী ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হামিদুর রহমান। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মো. শাহজাহান আলী সরকারের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। এরপর তিনি আপিল করেন। গত ১৯ ডিসেম্বর রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষদিনেও মো. শাহজাহান আলী সরকারের মনোনয়নপত্র আপিলের পর দ্বিতীয় বার বাতিল হয়ে যায়। ফলে আব্দুল লতিফ মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
জানা গেছে, আগামী ৫ জানুয়ারি পঞ্চম দফায় উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আব্দুল লতিফ মন্ডল একমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আব্দুল লতিফ মন্ডল বলেন, তফসিল ঘোষণার পর ১০নং পুনট্টি ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সদস্য পদে মো. শাহজাহান আলী সরকার নামে আরো একজনের প্রতিদ্বন্দ্বিতায় করার কথা ছিল। কিন্তু মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর তিনি প্রার্থীতা রক্ষায় ১২ ডিসেম্বর আপিল করেন। আপিলেও তার মনোনয়নপত্র বাতিল হয়।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, ওই ওয়ার্ড থেকে ২ জন প্রার্থী ছিল। নিয়মানুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হয়। একজনের নামের ভুল থাকায় তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ফলে ওই ওয়ার্ডে সদস্য পদে একাধিক প্রার্থী না থাকায় আব্দুল লতিফ মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















