দিনাজপুরের চিরিরবন্দরে ডালিয়া ক্যানেল থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত ১৫ জানুয়ারি শনিবার বিকেল আনুমানিক ৩টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ঠাকুরেরহাট সংলগ্ন ডালিয়া ক্যানেলের পানির নিচে কচুরিপানা দিয়ে ঢাকাবস্থায় ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় লোকজনের প্রাপ্ত খবরের সূত্র ধরে পুলিশ ওই স্থান থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হোসেন আলীর স্ত্রী তাহেরা বেগম ও ছোটছেলে খায়রুল ইসলাম এবং একই এলাকার আব্দুর রহমানের ছেলে মোখলেছুর রহমান মোখলেছ। এ ঘটনায় ফতেজংপুর ইউনিয়নের গ্রামপুলিশ আব্দুর রহিম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং ১০-১৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। যার মামলা নং ১৭। তারিখ: ১৫/০১.২০২২ইং।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ওই তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ মরদেহের ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে এবং পরিচয় সনাক্তের চেষ্টা করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















