গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থী রেজওয়ান মুন্সির কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত আল-আমিন মিয়া (২৭) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন। তিনি বলেন, মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে ভোলা জেলা থেকে আল-আমিন মিয়াকে গ্রেফতার করা হয়। সে ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এর আগে গত ২৬ শে ডিসেম্বর ইউনিয়ন পরিষদের নির্বাচনের পূর্বে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র অফিসিয়াল মোবাইল নম্বর ক্লোন করে মহিমাগঞ্জ ইউপির নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রেজওয়ান মুন্সিকে নির্বাচনে জয়লাভ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রতারণা করে বিকাশে ২লাখ ৮০ হাজার টাকা নেয় আল-আমিন মিয়া।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 

















