গাইবান্ধার ফুলছড়ি উপজেলার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. আনছার আলী সরকারের নামীয় জমি ভোগদখলে বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাকে হুমকি দিয়ে চলেছে প্রতিপক্ষরা। এ নিয়ে ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।
সোমবার (২৪ জানুয়ারি) প্রাপ্ত অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি দুপুরে ফুলছড়ির কাতলামারি গ্রামের আনছার আলী সরকারের ছেলে নুরুল আমিন রতন নিজ জমিতে কাজ করছিলেন। এসময় একই গ্রামের মধু বেপারী, অদু বেপারীসহ আরও অনেকে পূর্বপরিকল্পিতভাবে নুরুল আমিন রতনের উপর হামলা চালান। তারা দেশীয় অস্ত্র, লোহার রড, ছুরি ও বাঁশের লাঠির আঘাতে তাকে গুরুতর আহত করেন।
এসময় তারা নুরুল আমিন রতনের কাছে থাকা একলাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় মধু বেপারী ও অদু বেপারীসহ তাদের ছেলেরা অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, আনছার আলী সরকার এই জমি চাষাবাদ করতে পারবে না ও আমরা নিজেরাই ভোগদখল করবো। এসময় নুরুল আমিন রতনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। শুধু তাই নয়, আজ বেঁচে গেলি ভবিষ্যতে দেখে নেওয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মধু বেপারী গংরা। এ ঘটনায় পরদিন ২০ জানুয়ারি ফুলছড়ি থানায় একটি লিখিত অভিযোগ দেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আনছার আলী সরকার।
তবে এ অভিযোগ অস্বীকার করে মধু বেপারীসহ অন্যান্যরা বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। আমরা সেধরনের মানুষই নই।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. আনছার আলী সরকার বলেন, নিজের জমিতে এখন নিজেরাই যেতে পারছি না। বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এর আগে জমি রক্ষা ও পরিবারের নিরাপত্তার দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনও করেছি। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তারপরও তাদের থামানো যাচ্ছে না।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















