আগামী ৩১ জানুয়ারি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। এতে নৌকা প্রতীক চেয়ারম্যান প্রার্থীর বিপরীতে (বিদ্রোহী) প্রার্থী হওয়ায় এবং প্রচার-প্রচারণায় অংশ নেওয়ায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের ১৭ নেতাকে বহিস্কার করা হয়েছে। দুফায় এই নেতাদের বহিস্কার করা হয়।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক সাহারিয়া খাঁন বিপ্লবের যৌথ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।
সদ্য বহিস্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র (বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী তরিকুল ইসলাম নয়ন, জাতীয় শ্রমিক লীগের ভাতগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাহফুজার রহমান, বহিস্কৃত উপজেলা আওয়ামীগের উপদেষ্টা ও খোর্দ্দ কোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজল হোসেনের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হোসেন, ১নং ওয়ার্ড সভাপতি ওয়াহেদুর রহমান চৌধুরী (রোজ), ৯নং ওয়ার্ড সভাপতি ইসমাইল গাছু ও ৩নং ওয়ার্ড সভাপতি আবদুস সোবহান।
আর আগে যারা বহিস্কৃত হয়েছেন, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য রসুলপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রবিউল করিম দুলা, সাদুল্লাপুর উপজেলা মৎস্যজীবি লীগের মহিলা বিষয়ক সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী চাম্পা বেগম, নলডাঙ্গা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুর আলম, দামোদরপুর ইউনিয়ন যুব লীগের আহবায়ক (প্রস্তাবিত) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম, উপজেলা যুব লীগের সহ-সভাপতি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ারুল হাসান জীম, ফরিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আঃ কাহার আহম্মেদ শাহীন মিঞা, উপজেলা যুব লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ধাপেরহাট ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরে আলম সিদ্দিকি, ইদিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম মণ্ডল, সদস্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা খোর্দ্দ কোমরপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজল হোসেন ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুরজিৎ চন্দ্র সরকার।
এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ জাকারিয়া খন্দকার জাগো২৪.নেট-কে বলেন, কেন্দ্রীয় নির্দেশনা ও জেলা আওয়ামী লীগের সম্মতিক্রমে ইউপি নির্বাচনে দলের প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতাসহ তাদের পক্ষে থাকায় মোট ১৭ নেতাকে বহিস্কার করা হয়েছে। দুই দফায় এই বহিস্কার করা হয়।

স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















